
বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে সম্পূর্ণ বিনামূল্যে মালয়েশিয়ায় নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। এ উদ্যোগের ফলে দীর্ঘদিনের অনিশ্চয়তার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া নতুন করে গতি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত ১০ হাজার কর্মীকে বিমান ভাড়াসহ সব ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো হবে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে কর্মী পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কর্মীদের প্রথম বহর বিশেষ চার্টার্ড ফ্লাইটে মালয়েশিয়ায় পাঠানোর মধ্য দিয়ে দেশটির শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম শুরু হবে।
সরকারের এ উদ্যোগকে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে। জিরো কস্টে কর্মী পাঠানোর ফলে বিদেশে চাকরিপ্রত্যাশীদের অভিবাসন ব্যয় কমার পাশাপাশি দালালনির্ভরতা ও অতিরিক্ত অর্থ আদায়ের ঝুঁকিও কমবে বলে আশা করা হচ্ছে। তবে কর্মী নির্বাচন, নিয়োগের সময়সূচি, প্রয়োজনীয় যোগ্যতা ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে জানানো হবে।