
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাইল্যাতলী এলাকায় সৌদি আরবপ্রবাসী ও রামু উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদুল আলমের বাড়িতে সশস্ত্র ডাকাতির অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে মাইক্রোবাসযোগে প্রায় ১২ জনের একটি দল বাড়ির দরজা-জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে। তাদের হাতে বন্দুক, পিস্তল, ছুরি ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়েছে। পরে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে বাড়িতে ব্যাপক তল্লাশি চালানো হয়।
ফরিদুল আলমের দাবি, ডাকাতরা বাড়ি থেকে প্রায় ১৮ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৫ লাখ টাকা এবং ৭ হাজার সৌদি রিয়াল লুট করে নিয়ে যায়। এ সময় বাড়িতে থাকা গৃহবধূসহ কয়েকজনকে মারধর করে আহত করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। ডাকাতির খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে দলটি দ্রুত মাইক্রোবাসযোগে পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের সশস্ত্র ডাকাতির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সৌদি আরবের মক্কাপ্রবাসী ব্যবসায়ী ফরিদুল আলম বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ প্রয়োজন। স্থানীয়রাও দ্রুত তদন্ত করে ডাকাতদের গ্রেপ্তার এবং এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। তবে ডাকাতির ঘটনায় লুট হওয়া মালামাল ও আহতের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।