August 30, 2026, 6:34 am

সামাজিক মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী

অভয়নগর প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি ও ভিডিও প্রকাশের পর কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তরুণ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। শুক্রবার (২৮ আগস্ট) তিনি ফেসবুকে জার্মানির একটি বিশেষ রিসোর্টের ভিডিও প্রকাশ করেন। সেখানে জাহাজের কনটেইনারকে আকর্ষণীয় বাসস্থানে রূপান্তরের বিষয়টি তুলে ধরেন অভিনেত্রী। ভিডিওটির কমেন্ট বক্সে তার পোশাক, শরীর ও ব্যক্তিগত জীবন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন অনেকে। বিষয়টি নিয়ে শনিবার (২৯ আগস্ট) এক বার্তায় নিজের অস্বস্তি ও ক্ষোভের কথা জানান প্রিয়ন্তী। তিনি বলেন, একজন নারীর শরীর, পোশাক ও ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করার মধ্যে কী ধরনের আনন্দ পাওয়া যায়, তা তিনি বুঝতে পারেন না। নিজের ফেসবুক প্রোফাইলে কী প্রকাশ করবেন, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার নিজের বলেও স্পষ্ট করেন তিনি।
প্রিয়ন্তী উর্বী জানান, আপত্তিকর মন্তব্যকারীদের কয়েকজনের স্ক্রিনশট তিনি সংগ্রহ করেছেন। তার ভাষ্য, অনেক মানুষ সামাজিক মাধ্যমে অন্য নারীদের নিয়ে এমন ভাষা ব্যবহার করেন, যা নিজেদের মা, বোন, স্ত্রী বা পরিবারের সদস্যদের সামনে ব্যবহার করেন না। এ ধরনের আচরণ নিয়ে নিজের দেশের নারী ও শিশুদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। অভিনেত্রী বলেন, স্কুল-কলেজপড়ুয়া তরুণদের কাছ থেকেও যদি কোনো নারীকে নিয়ে এ ধরনের ভাষা শুনতে হয়, তাহলে বিষয়টি সমাজের জন্য উদ্বেগজনক। এসব মন্তব্য তাকে মানসিকভাবে অসহায় করে তোলে বলেও জানান তিনি। একই সঙ্গে যারা এমন মন্তব্য করেছেন, তাদের হেদায়েতের জন্য দোয়া করেন এবং নিজেকে যেন কখনো তাদের মতো আচরণ থেকে দূরে রাখতে পারেন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন।
অনুসারীদের উদ্দেশে প্রিয়ন্তী বলেন, তার ফেসবুক পেজে কী পোস্ট করবেন, সেটি তার নিজস্ব সিদ্ধান্ত। কারও কোনো বিষয় ভালো না লাগলে তা না দেখার কিংবা আনফলো করার সুযোগ রয়েছে। শরীর, পোশাক বা ব্যক্তিগত জীবন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য যারা তাকে অনুসরণ করেন, এমন অনুসারী তার প্রয়োজন নেই বলেও জানান তিনি। ২০২১ সালে অভিনয়ে অভিষেকের পর কয়েকটি আলোচিত নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করেছেন প্রিয়ন্তী উর্বী। পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘বকুলের বুকে রক্তকরবী’।



ফেসবুক কর্নার