August 30, 2026, 6:30 am

ভাইরাল তরুণীর দাবি, ‘আমি মরিনি, বারে মদ পান করে অসুস্থ হয়েছিলাম’

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে গভীর রাতে দুই যুবকের মাঝে মোটরসাইকেলে অচেতন অবস্থায় বসে থাকা এক তরুণীর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তিনি নিজেই থানায় গিয়ে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরের পর টঙ্গী পশ্চিম থানায় গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তরুণী দাবি করেন, পারিবারিক চাপের কারণে বাসা থেকে বের হয়ে তিনি জসীমউদ্দীনের একটি বারে গিয়ে মদ পান করেন। পরে অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাঁর স্বজনরা তাঁকে সেখান থেকে নিয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় নিজের অবস্থান পরিষ্কার করতেই তিনি থানায় এসেছেন বলে জানান।
তরুণীর ভাষ্য, তাঁকে কেউ জোর করে মদ পান করায়নি; তিনি নিজেই পান করেছিলেন। পরে অসুস্থ হয়ে পড়লে চাচাকে ফোন করেন এবং তিনি এসে তাঁকে নিয়ে যান। গাড়িতে ওঠার সময় পর্যন্ত তাঁর জ্ঞান ছিল, এরপর কী ঘটেছে তা তিনি জানেন না। তাঁর দাবি, সাবেক স্বামী তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে দিয়েছেন। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আজহার ইসলাম জানান, মোটরসাইকেলে অচেতন অবস্থায় নিয়ে যাওয়া তরুণী শনিবার থানায় এসে পুলিশকে ঘটনার বিষয়ে অবহিত করেছেন। পুলিশের কাছে তিনি জানান, বোনের সঙ্গে রাগ করে বাসা থেকে বের হয়ে বারে গিয়ে মদ পান করার পর অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে বোনের বাসায় না নিয়ে এক বন্ধুর বাসায় নেওয়া হয় বলে পুলিশকে জানিয়েছেন তিনি।
এর আগে বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ৩টা ১৫ থেকে ৩টা ২০ মিনিটের দিকে আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে একটি মোটরসাইকেলে দুই যুবকের মাঝে তরুণীকে বসা অবস্থায় দেখা যায়। সে সময় তাঁকে অচেতন বা নিস্তেজ মনে হচ্ছিল। ওমরাহ সফর শেষে বগুড়ায় ফেরার পথে মাদ্রাসাতুল মাদীনা-বগুড়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মনোয়ার হোসেন মোটরসাইকেলটি অনুসরণ করেন এবং পরে ঘটনার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এরপর ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে এবং তরুণীর পরিচয় ও তাঁর মৃত্যুর বিষয়ে নানা ধরনের আলোচনা ও গুজব সৃষ্টি হয়। তবে ঘটনার বিভিন্ন দাবির সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যই চূড়ান্ত বলে বিবেচিত হবে।



ফেসবুক কর্নার