August 30, 2026, 5:38 am
শিরোনাম :

বিপৎসীমার কাছাকাছি কাপ্তাই হ্রদের পানি, খুলছে ১৬ জলকপাট

Reporter Name

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছায় উজান ও ভাটি অঞ্চলে বন্যার ঝুঁকি নিয়ন্ত্রণে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে শনিবার (২৯ আগস্ট) রাত ১০টা থেকে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দ্র সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ২টায় হ্রদের পানির উচ্চতা ১০৫ দশমিক ৬৪ ফুট এমএসএল রেকর্ড করা হয়। হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হ্রদের পানির সমতল বিপৎসীমার কাছাকাছি পৌঁছায় উজান ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে স্পিলওয়ের জলকপাট খুলে পানি নিষ্কাশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হবে। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের জন্য কেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রয়েছে। এসব ইউনিটের মাধ্যমে প্রতি সেকেন্ডে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। ফলে স্পিলওয়ের পানি নিষ্কাশনের সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ইউনিটগুলোর মাধ্যমেও হ্রদ থেকে বিপুল পরিমাণ পানি বের হবে।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, হ্রদের পানির উচ্চতা, বৃষ্টিপাত এবং উজান থেকে আসা পানির প্রবাহ নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়া ও পানিপ্রবাহের পরিস্থিতি বিবেচনা করে স্পিলওয়ের জলকপাট খোলার সময় এবং পানি ছাড়ার পরিমাণ পরিবর্তন বা বাড়ানো হতে পারে। কর্তৃপক্ষের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো হ্রদের পানির চাপ নিয়ন্ত্রণে রাখা এবং উজান ও ভাটি অঞ্চলে সম্ভাব্য জলাবদ্ধতা বা বন্যার ঝুঁকি কমানো। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে পানি ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।



ফেসবুক কর্নার