August 30, 2026, 6:34 am

পল্লবীতে জামায়াত-বিএনপিপন্থীদের সংঘর্ষ

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর মিরপুরের পল্লবী বিহারি ক্যাম্পে মরদেহ গোসল করানোর ঘর নির্মাণকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপিপন্থী দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টার পর মিরপুরের তালাব ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাম্পের ১১ নম্বর ব্লকে মরদেহ গোসল করানোর জন্য একটি ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষের লোকজন পরস্পরের দিকে ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়েন।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সংঘর্ষে স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে প্রায় ৫০ থেকে ৬০ জন এবং বিএনপিপন্থী সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বে প্রায় ২০০ থেকে ৩০০ জন অংশ নেন বলে অভিযোগ রয়েছে। সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ এবং ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। এতে ক্যাম্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে সংঘর্ষে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের সূত্রপাত, উভয় পক্ষের ভূমিকা এবং গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ চিহ্নিত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার