
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গোলাবারুদের গুদামে রুশ ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানিয়েছেন। শুক্রবার রাতে মিলা গ্রামের কাছে একটি সামরিক স্থাপনায় হামলার পর বিস্ফোরণ ও আগুন ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানান। এতে বহু মানুষ আহত হয়েছেন এবং আশপাশের এলাকা থেকে শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহতদের মধ্যে পাশের একটি গ্রামের প্রধানও রয়েছেন, যিনি উদ্ধারকাজে সহায়তা করতে ঘটনাস্থলে গিয়েছিলেন।
জেলেনস্কি জানান, ওই স্থাপনায় গোলাবারুদ, মাইন ও ড্রোনসহ বিভিন্ন ধরনের অস্ত্র মজুত ছিল। দুই মাসের মধ্যে এ ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটেছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে ভিশনেভ শহরে রুশ হামলার পর অস্ত্রের মজুত থেকে বিস্ফোরণে ১০ জন নিহত এবং শত শত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সর্বশেষ ঘটনায় সম্ভাব্য অবহেলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলেনস্কি। সরকারি কর্মকর্তাদের অবহেলার অভিযোগে ফৌজদারি মামলা করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র সংরক্ষণের সব স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা ও নিরীক্ষার নির্দেশ দিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে টানা তৃতীয় দিনের মতো কিয়েভ ও আশপাশের এলাকায় রুশ ড্রোন হামলা অব্যাহত রয়েছে। শনিবারের হামলায় ১৪ বছর বয়সী এক কিশোরী ও দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন। হামলায় আবাসিক ভবন ও বিভিন্ন গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, রাজধানী কিয়েভের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতেই মস্কো হামলার মাত্রা বাড়িয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।