
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক উপপরিদর্শকের বিরুদ্ধে পুলিশ হেডকোয়ার্টারে লিখিত অভিযোগ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন মামলার বাদী তাজকিয়া জাহান লিপি। মামলার আসামিদের গ্রেপ্তার না করা, তদন্তে অগ্রগতি না থাকা এবং অনলাইন জিডি গ্রহণ না করার অভিযোগ তুলে তিনি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (ডি অ্যান্ড পিএস-১)-এর কাছে আবেদন করেন।
আবেদনে বলা হয়, গত ১৮ মার্চ ২০২৬ কোতোয়ালি মডেল থানায় মামলা নম্বর ৫২ দায়ের করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারাসহ দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬ ধারায় করা মামলায় নূর মোহাম্মদ, ইশিকাসহ তিনজনকে আসামি করা হয়েছে। বাদীর অভিযোগ, তদন্ত কর্মকর্তা এসআই রাজিব দাস সনেট দায়িত্ব নেওয়ার পর তদন্তে দৃশ্যমান অগ্রগতি হয়নি। প্রধান আসামিরা প্রকাশ্যে চলাফেরা করলেও তাদের গ্রেপ্তারে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে তৎকালীন ওসি আল মামুন উল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও প্রয়োজনীয় তদারকি পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
বাদীর আরও দাবি, মামলা তুলে নিতে আসামিরা তাকে ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এ ঘটনায় ৩ এপ্রিল বাংলাদেশ পুলিশের অনলাইন জিডি পোর্টালে সাধারণ ডায়েরির আবেদন করলেও তা গ্রহণ বা নিষ্পত্তি করা হয়নি। থানায় গিয়ে অনুরোধ করেও জিডি গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি। আবেদনে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা এবং কাঙ্ক্ষিত পুলিশি সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাজকিয়া জাহান লিপি। তবে অভিযোগগুলোর স্বাধীন সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।