
চাঁদপুরের কচুয়া উপজেলার গ্রাম পুলিশ মো. আব্দুল কাদের ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময়েও তার সন্ধান না মেলায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাকে গুম করা হয়েছে, নাকি অন্য কোনো কারণে নিখোঁজ হয়েছেন—এ নিয়ে নানা প্রশ্ন উঠলেও এখন পর্যন্ত তার নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ কাদের উপজেলার সাচার-কান্দিরপাড় এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে তিনি সিএনজিযোগে কচুয়ার বারৈয়ারা এলাকা থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মলয় বাজারের উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হয়নি। পরদিন সকালে বারৈয়ারা এলাকা থেকে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করেন স্থানীয়রা। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে পরদিন কচুয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়। তবে ১৬ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আব্দুল কাদেরের স্ত্রী রাবেয়া আক্তার জানান, গ্রাম পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সাচার বাজার পুলিশ ফাঁড়িকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতেন। নিখোঁজ হওয়ার কয়েক দিন আগে দাউদকান্দির পিপিয়াকান্দি গ্রামের এক ব্যক্তির কাছ থেকে তিনি হুমকি পেয়েছিলেন বলেও দাবি করেন তার স্ত্রী। তিন সন্তান নিয়ে স্বামীর অপেক্ষায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে তাদের। এ বিষয়ে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাজ্জাদ হোসেন বলেন, নিখোঁজের পর থেকেই আব্দুল কাদেরকে উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। পরিবার ও স্থানীয়রা দ্রুত তার সন্ধান দাবি করেছেন।