October 6, 2026, 5:51 pm

সারের সংকট নেই, কৃত্রিম সংকটের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

দেশে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সার মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দেশে সারের প্রকৃত সংকট নেই; বরং অসাধু ব্যবসায়ীদের একটি চক্র সার আটকে রেখে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। শনিবার (২৯ আগস্ট) ফরিদপুরে পেঁয়াজ ও পাটচাষিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত প্রায় ১৬ লাখ মেট্রিক টন সার মজুত রয়েছে। পাশাপাশি দেশের মোট চাহিদার তুলনায় প্রায় ১৫ লাখ টন বেশি সার আমদানি করা হয়েছে। এরপরও কিছু ব্যবসায়ী বাজারে সার নেই বলে প্রচার করে বেশি দামে বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। তিনি বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি কিংবা অতিরিক্ত দামে সার বিক্রির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করার আশ্বাসও দেন তিনি।
মতবিনিময় সভা শেষে কৃষিমন্ত্রী ফরিদপুরের স্থানীয় বাজারে সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করেন এবং ডিলারদের সঙ্গে মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি ক্ষতিকর কীটনাশক বিক্রির বিষয়ে সতর্ক করেন। পরে সদর উপজেলার অম্বিকাপুর এলাকায় একটি সিড অ্যান্ড এগ্রো প্রতিষ্ঠানে পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং কার্যক্রম পরিদর্শন করেন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও কৃষি বিভাগের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি পর্যায়ে পর্যাপ্ত মজুত থাকা সার দ্রুত ন্যায্যমূল্যে কৃষকের কাছে পৌঁছানো এবং মজুতদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়াই এখন প্রধান চ্যালেঞ্জ।



ফেসবুক কর্নার