August 31, 2026, 7:36 am

আইফোনের লোভে বিক্রি শিশু উদ্ধার, পরিবারের জিম্মায়

শওকাত হোসেন সদর প্রতিনিধি বরিশাল

পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক লাখ টাকায় দেড় বছরের শিশু সন্তানকে বিক্রি করে সেই অর্থে আইফোন কেনার অভিযোগে অবশেষে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া শিশু মুসাকে রোববার (৩০ আগস্ট) রাত আনুমানিক ১০টার দিকে তার দাদা-দাদির জিম্মায় হস্তান্তর করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের কাঠমিস্ত্রি মারুফ মুন্সির সঙ্গে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী প্রায় এক মাস আগে বাবার বাড়ি চলে যান।
গত শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টার দিকে মারুফ তার মা মাহফুজা বেগমকে ছেলে মুসাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার পরও বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে মারুফের মামা বাহাদুর মিয়ার মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করেন, আলীপুর ইউনিয়নের রামনাথসেন গ্রামের ইমরান হোসেনের কাছে এক লাখ টাকায় শিশুটিকে বিক্রি করেছেন। সন্তান বিক্রির টাকা নিয়ে মারুফ ঢাকায় গিয়ে পুরোনো ফোন বদলে নতুন আইফোন কেনেন বলে জানা গেছে। রোববার বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে এলে পুলিশ শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে। একই দিন সন্ধ্যায় মারুফকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি শিশুটিকে বিক্রির কথা স্বীকার করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে ইমরান হোসেনকে থানায় ডেকে আনা হয়। পরে ইমরান জানান, শিশুটিকে গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে তার শ্বশুর মাহাবুব গাজীর বাড়িতে রাখা হয়েছে। রাত ১০টার দিকে মাহাবুব গাজী শিশুটিকে নিয়ে দশমিনা থানায় উপস্থিত হন। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, পুলিশের বিশেষ তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসানের উপস্থিতিতে শিশুটিকে তার দাদা মফিজ মুন্সী ও দাদী মাহফুজা বেগমের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার