
দেশের শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকার জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তাঁর মতে, শিক্ষকদের দুর্নীতিতে জড়িয়ে পড়া উদ্বেগজনক, যা তাঁদের মর্যাদাহানির পাশাপাশি শিক্ষাব্যবস্থাকেও ক্ষতিগ্রস্ত করছে।
শিক্ষাব্যবস্থায় দুর্নীতি ও অনিয়মের সমালোচনা করে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান ডেপুটি স্পিকার। তিনি বলেন, দুর্নীতি দূর করতে না পারলে কাঙ্ক্ষিত সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়। বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গঠন করতে চায়, যেখানে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশকে বারবার ত্যাগ স্বীকার করতে হয়েছে। দীর্ঘ সংগ্রামের পর দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যার মূল লক্ষ্য তরুণদের সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়া। তিনি আরও বলেন, দেশের অগ্রগতির জন্য তরুণদের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও প্রত্যাশাকে নীতিনির্ধারণে যুক্ত করতে হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দিতে হবে।