
পরিবর্তনশীল বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনীতির গতিপথ ধরে রাখতে আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থাগুলো সহায়তার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। বৈঠকে বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনসহ উভয় পক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী জানান, বাংলাদেশের দেওয়া বিভিন্ন অর্থনৈতিক প্রস্তাবের চূড়ান্ত পর্যালোচনা নিয়ে বৈঠকে খোলামেলা আলোচনা হয়েছে। তিনি বলেন, নীতিগতভাবে প্রস্তাবগুলো নিয়ে সবকিছু ঠিক আছে। এখন কীভাবে বিষয়গুলো চূড়ান্ত করা যায়, তা নিয়ে উভয় পক্ষের দল বিস্তারিত পর্যালোচনার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবে।
অর্থমন্ত্রী আরও জানান, চলতি বছরের অর্থনৈতিক পরিস্থিতি বাংলাদেশের জন্য কতটা সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ, তা আইএমএফ ও বিশ্বব্যাংক অনুধাবন করতে পেরেছে। বৈশ্বিক সংকট মোকাবিলার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখতে বহুপাক্ষিক সংস্থাগুলোর সহায়তার বিষয়ে ইতিবাচক সাড়া আশাব্যঞ্জক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।