September 3, 2026, 4:38 am

জলবায়ু অর্থায়নে ২৫ সদস্যের জাতীয় কমিটি

অভয়নগর প্রতিবেদক

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট ও কার্বন ট্রেডিং কার্যক্রমকে সমন্বিত জাতীয় কাঠামোর আওতায় আনতে ২৫ সদস্যের ‘জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটি’ (এনসিসিএফ) গঠন করেছে সরকার। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান কমিটির সভাপতি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সহ-সভাপতি এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিবেশ মন্ত্রণালয়ের সচিবকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন রয়েছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ স্থানীয় সরকার বিভাগ, পররাষ্ট্র, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, ভূমি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, শিল্প, বাণিজ্য, সড়ক পরিবহন ও মহাসড়ক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, নৌপরিবহন, রেলপথ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবরা সদস্য হিসেবে থাকবেন।

জাতীয় কমিটি জলবায়ু অর্থায়ন ও কার্বন ক্রেডিট বিষয়ে বাংলাদেশের জাতীয় রূপকল্প, লক্ষ্য ও কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ করবে। পাশাপাশি কার্বন ক্রেডিট ও জলবায়ু অর্থায়নসংক্রান্ত নীতিগত দিকনির্দেশনা, প্যারিস চুক্তির আর্টিকেল-৬ অনুযায়ী জাতীয় কাঠামো প্রণয়ন এবং কার্বন ট্রেডিং কার্যক্রমের নীতিগত নির্দেশনা দেওয়ার দায়িত্ব পালন করবে। আন্তর্জাতিক জলবায়ু তহবিল ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয়, অর্থায়ন সংগ্রহের কৌশল নির্ধারণ, সংশ্লিষ্ট প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ এবং বিদ্যমান নীতিমালা সংস্কারের সুপারিশও করবে কমিটি। প্রজ্ঞাপন অনুযায়ী, বছরে অন্তত দুইবার সভা অনুষ্ঠিত হবে। প্রয়োজন হলে অতিরিক্ত সভা আহ্বান ও নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতাও কমিটির থাকবে।



ফেসবুক কর্নার