September 3, 2026, 4:25 am

নেপাল-চীন সীমান্তে ঢল-ভূমিধসে মৃত্যু ১,২৪৩

অভয়নগর প্রতিবেদক

নেপাল ও চীন সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে ভয়াবহ পাহাড়ি ঢল ও ধারাবাহিক ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২৪৩ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগে এখনো অন্তত সাড়ে চার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে বিস্তীর্ণ পাহাড়ি জনপদ মাটির নিচে চাপা পড়েছে। বহু ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। দুর্গতদের অনেকে বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
দুর্যোগের কারণে পাহাড়ি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থানে সড়ক ধ্বংস হয়ে যাওয়ার পাশাপাশি বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে। ফলে দুর্গম এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় নেপালি সেনাবাহিনী ও পুলিশের ১০ হাজারের বেশি সদস্য প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। উদ্ধার অভিযানে সহায়তা করতে ভারত, চীনসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক উদ্ধারকারী দলের সদস্যরাও অংশ নিয়েছেন।
এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি খাদ্য, ওষুধ ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থানরত দুর্গত মানুষ মানবেতর পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকলেও প্রতিকূল আবহাওয়া ও যোগাযোগব্যবস্থার বিপর্যয় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ভয়াবহ এই দুর্যোগের ব্যাপক ক্ষয়ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তার পাশাপাশি জলবায়ু ক্ষতিপূরণের দাবি তোলার প্রস্তুতি নিচ্ছে নেপাল সরকার। দেশটির দাবি, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য অতিরিক্ত কার্বন নিঃসরণকারী উন্নত ও শিল্পোন্নত দেশগুলোর বড় দায় রয়েছে।



ফেসবুক কর্নার