September 4, 2026, 4:29 am

বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ আয়োজনে সরকার বদ্ধপরিকর

অভয়নগর প্রতিবেদক

আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তাবলীগ জামাত বাংলাদেশের সাদপন্থী প্রতিনিধিদের সঙ্গে ইজতেমার তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা রক্ষা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে তাবলীগ জামাতের উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে বিশ্ব ইজতেমা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে জুবায়েরপন্থী প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হয়েছে। সবার মতামত বিবেচনায় নিয়ে আগামী বিশ্ব ইজতেমার দুই পর্বের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইজতেমার স্থান ও অংশগ্রহণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উভয় পক্ষই টঙ্গীর ইজতেমা মাঠ ব্যবহারের দাবি জানিয়েছে। পূর্ববর্তী সরকারের সময়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে সাদপন্থীদের টঙ্গী ময়দানে ইজতেমা না করার বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছিল। তবে বৈঠকে সাদপন্থী প্রতিনিধিরা ওই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করে মাঠে ইজতেমা আয়োজনের দাবি পুনর্ব্যক্ত করেছেন। তারা দুই পর্বের ইজতেমা শেষ হওয়ার পর রমজানের আগে অথবা নভেম্বরের শেষ দিকে যৌক্তিক সময়ের ব্যবধান রেখে টঙ্গী ময়দানে এক পর্বে ইজতেমা আয়োজনের প্রস্তাব দিয়েছেন। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে উভয় পক্ষের সঙ্গে আরও আলোচনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মাওলানা সাদের আগমন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি ভিসা নীতি ও ধর্ম মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয়।
দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, আগের সময়ের তুলনায় অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং আইনশৃঙ্খলার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী হত্যা, অপহরণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের হার কমেছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোনো গাফিলতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভায় ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাদপন্থী তাবলীগ জামাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৮ আগস্ট জুবায়েরপন্থী প্রতিনিধিদের সঙ্গে বিশ্ব ইজতেমার তারিখ, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুরূপ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।



ফেসবুক কর্নার