
জাতীয় সংসদে সংসদীয় কমিটিতে প্রতিনিধিত্ব ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনায় বিরোধী দলের প্রতি সংবিধান সংশোধন প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শুধু অধিকার বা সংসদীয় কমিটির সভাপতির পদে হিস্যা দাবি করলেই হবে না; জুলাই জাতীয় সনদের পূর্ণ বাস্তবায়নে বিরোধী দলকে সংশোধন প্রক্রিয়ায়ও সক্রিয়ভাবে অংশ নিতে হবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান বলেন, অতীতে সংসদীয় কমিটিতে বিরোধী দলের সদস্যদের সভাপতির দায়িত্ব দেওয়ার নজির রয়েছে। তিনি নবম জাতীয় সংসদের উদাহরণ তুলে ধরে জানান, ওই সংসদে বিরোধী দলের দুজন সদস্য স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। একই সঙ্গে তিনি জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতির বিষয়টি স্মরণ করিয়ে দেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলের একজন সদস্যকে ইতোমধ্যে সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে সংবিধান সংশোধনের পাশাপাশি সংসদের উচ্চকক্ষ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনী কমিটিতে বিরোধী দলকে অংশ নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরতে হবে। দ্রুততম সময়ের মধ্যে সংবিধান সংশোধনী বিল সংসদে আনার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান। তাঁর ভাষ্য, জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংসদীয় ও স্থায়ী কমিটিতে আসনের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের সুযোগ তৈরি হবে। তাই একদিকে হিস্যা দাবি করা এবং অন্যদিকে সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা না করা—দুটি বিষয় একসঙ্গে চলতে পারে না। তিনি বিরোধী দলের প্রতি সংসদের ভেতরে আলোচনার মাধ্যমে সংবিধান সংশোধন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।