September 4, 2026, 4:39 am

২১ দেশে প্রতি পাঁচ শিশুর একজন অনলাইনে যৌন নিপীড়নের শিকার

মোঃ ইসমাইল হোসেন

বিশ্বের ২১টি দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী প্রায় দুই কোটি শিশু এক বছরের মধ্যে প্রযুক্তির মাধ্যমে যৌন নিপীড়ন, শোষণ বা হয়রানির শিকার হয়েছে। অর্থাৎ এসব দেশের ইন্টারনেট ব্যবহারকারী শিশুদের প্রায় প্রতি পাঁচজনের একজন এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ‘থ্রু চিলড্রেনস আইজ: হাউ ডিজিটাল টেকনোলজিস এনেবল চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ’ শীর্ষক প্রতিবেদনে শিশুদের ওপর অনলাইনভিত্তিক যৌন নিপীড়নের ধরন ও এর প্রভাব তুলে ধরা হয়েছে।
ইউনিসেফের হিসাবে, ১ কোটি ৫০ লাখের বেশি শিশু অনিচ্ছাকৃত যৌন কনটেন্টের মুখোমুখি হয়েছে। প্রায় ৯০ লাখ শিশুকে তাদের ইচ্ছার বিরুদ্ধে যৌন কথোপকথনে অংশ নিতে বা যৌন ছবি পাঠাতে বলা হয়েছে। প্রায় ৪০ লাখ শিশুর ছবি তাদের সম্মতি ছাড়া অন্যদের সঙ্গে শেয়ার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনার প্রায় ৬০ শতাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে এবং ১৪ শতাংশ অনলাইন গেমের মাধ্যমে ঘটেছে। অনেক ক্ষেত্রে অপরাধী অপরিচিত কেউ নয়; ৫৭ শতাংশ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি শিশুটির পরিচিত—যেমন সহপাঠী, বন্ধু, প্রেমের সম্পর্কের ব্যক্তি বা পরিবারের সদস্য। আবার প্রায় ৩৮ শতাংশ শিশু প্রথমবার অপরাধীর সংস্পর্শে আসে অনলাইনে।
ইউনিসেফ জানিয়েছে, এসব ঘটনার কারণে শিশুদের মধ্যে ভয়, লজ্জা, বিভ্রান্তি ও একাকিত্ব তৈরি হতে পারে এবং অন্যদের প্রতি তাদের আস্থা ও নিরাপত্তাবোধ ক্ষতিগ্রস্ত হয়। সংস্থাটি সরকার, প্রযুক্তি প্রতিষ্ঠান, পরিবার, স্কুল ও স্থানীয় সম্প্রদায়কে শিশুদের অনলাইন নিরাপত্তা জোরদারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। ব্যক্তিগত তথ্য সুরক্ষা, অনাকাঙ্ক্ষিত যোগাযোগ নিয়ন্ত্রণ, নিরাপদ কনটেন্ট ব্যবস্থা এবং অভিযোগ জানানোর কার্যকর সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদনের তথ্য ২১টি দেশের প্রায় ২১ হাজার ইন্টারনেট ব্যবহারকারী শিশুর জাতীয় পর্যায়ের প্রতিনিধিত্বশীল জরিপের ভিত্তিতে তৈরি। তবে ইউনিসেফ সতর্ক করেছে, এসব পরিসংখ্যান ওই দেশগুলোর ইন্টারনেট ব্যবহারকারী শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য; সব শিশুর ক্ষেত্রে সরাসরি প্রযোজ্য নয়।



ফেসবুক কর্নার