October 7, 2026, 2:41 pm

স্ত্রীর হামলায় ওষুধ ব্যবসায়ীর মৃত্যু

সাব্বির আহমেদ, নলছিটি , ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়ায় দ্বিতীয় স্ত্রীর হামলায় খায়রুল ইসলাম পলাশ (৪৫) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর দ্বিতীয় স্ত্রী ইসরাত জাহান লিজা (২৫)কে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ আউড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পলাশ নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাসিন্দা। কিছুদিন আগে তিনি দ্বিতীয় স্ত্রী লিজার বাড়িতে এসে বসবাস শুরু করেন এবং সেখানে একটি ফার্মেসি পরিচালনা করছিলেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পলাশ ও লিজার মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে তাঁদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে লিজা শাবল ও হাতুড়ি দিয়ে পলাশকে আঘাত করেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে কাঁঠালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইসরাত জাহান লিজাকে আটক করে থানায় নিয়ে যায়। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাসের রায়হান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযোগের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার