
ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোনো মুহুরীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালক ও হেলপার এবং বাসের চালক রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ফাজিলপুর হাইওয়ে থানার ইনচার্জ আবু নোমান জানান, যান্ত্রিক ত্রুটির কারণে একটি কাভার্ডভ্যান মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। চালক একটি লংভেহিকলের সহায়তায় রশি দিয়ে কাভার্ডভ্যানটি সরানোর চেষ্টা করছিলেন। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আরও একজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। নিহতদের মরদেহ ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।