September 5, 2026, 6:14 am

জ্বালানি সংকট নিরসনে সরকারের ব্যর্থতার অভিযোগ

আনোয়ার হোসেন

নির্বাচনের পর ছয় মাস পেরিয়ে গেলেও দেশের বিভিন্ন সংকট নিরসনে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে শিল্পোৎপাদনে ধস নেমেছে, বাড়ছে বেকারত্ব। বিদ্যুৎ ও গ্যাস সংকটে জনজীবন ও শিল্পকারখানার কার্যক্রম ব্যাহত হচ্ছে। বেকারত্বের প্রভাবে চুরি, ছিনতাই ও রাহাজানিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

৪ সেপ্টেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘জ্বালানি, বিদ্যুৎ, পানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে’ বিক্ষোভ মিছিলের আগে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন গাজী আতাউর রহমান। তিনি বলেন, রাষ্ট্রের গুরুতর সংকট সমাধানে সরকারের মধ্যে গা-ছাড়া ভাব দেখা যাচ্ছে। ইউক্রেন ও ইরানের যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক পরিস্থিতিকে কারণ দেখিয়ে এবং আগের সরকারের ওপর দায় চাপিয়ে দায়িত্ব এড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। সংকটের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রীরা শুধু দুঃখ প্রকাশ করলে হবে না; সমস্যার সমাধান করতে না পারলে তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, সংকটের মধ্যেও ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালুর উদ্যোগের মাধ্যমে দলীয় লোকজনকে দুর্নীতির সুযোগ করে দেওয়া হচ্ছে বলে তারা মনে করছেন। ছয় মাসেও স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা দেখতে না পাওয়ায় তারা হতাশ। সমাবেশে সভাপতির বক্তব্যে শেখ ফজলুল করীম মারুফ বলেন, সংকটের কারণ যাই হোক, তা সমাধান করা সরকারের দায়িত্ব। সমস্যা সমাধানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মন্ত্রীদের পরিবর্তে যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। নগর সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, জি এম রুহুল আমীন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, ফজলুল হক মৃধা ও ইলিয়াস হাসানসহ নেতারা।



ফেসবুক কর্নার