October 7, 2026, 3:21 pm

কলাপাড়ায় খাদে ডাবল ডেকার বাস, আহত ১৫

জাকির হোসেন ভ্রাম্যমাণ প্রতিনিধি পটুয়াখালী

 

পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে ‘আইকনিক পরিবহন’ নামে একটি ডাবল ডেকার স্লিপার বাস। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খলীলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে যাচ্ছিল বাসটি। খলীলপুর এলাকা অতিক্রমের সময় চালক নিয়ন্ত্রণ হারালে ঢাকা মেট্রো-ব-১২-৪৫৫৫ নম্বরের বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। স্থানীয়দের ধারণা, বৃষ্টির মধ্যে অতিরিক্ত গতি, চালকের অসাবধানতা অথবা ঘুমের ঢুলুনির কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে আটকে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে। পরে গুরুতর আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কলাপাড়া ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত টিম লিডার জানান, খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করে আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বাসটি উদ্ধার ও সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কলাপাড়া থানা পুলিশ কাজ করছে।



ফেসবুক কর্নার