
ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের উত্থান হয়েছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) তথ্য অনুযায়ী, ২৮ আগস্ট শেষ হওয়া সপ্তাহে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৭৪০ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। সরকারের বিশেষ অর্থনৈতিক সুবিধা ঘোষণা এবং অনাবাসী ভারতীয়দের (এনআরআই) রেকর্ড পরিমাণ আমানত এই প্রবৃদ্ধির অন্যতম কারণ বলে সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করা হয়েছে। রিজার্ভ বৃদ্ধির ফলে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির অবস্থানও কিছুটা শক্তিশালী হয়েছে।
আগস্টের শেষ সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রা সম্পদের পরিমাণ বেড়ে ৬০০ দশমিক ৬৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে দেশটির স্বর্ণের মজুদ বেড়ে ১১৬ দশমিক ৪০৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর আগে জুন মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর জন্য কম খরচে ঋণ গ্রহণের সুযোগ এবং ব্যাংকগুলোর জন্য বিনামূল্যে হেজিং সুবিধা চালু করে ভারত। এসব পদক্ষেপের পাশাপাশি প্রবাসী ভারতীয়দের আমানত বৃদ্ধিও বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তথ্য অনুযায়ী, ৫ জুন থেকে ৩১ আগস্টের মধ্যে আরবিআই ১৩৬ বিলিয়ন ডলারের বেশি বৈদেশিক তহবিল পেয়েছে। এর মধ্যে প্রায় ১২৭ বিলিয়ন ডলার এসেছে প্রবাসী ভারতীয়দের আমানত থেকে। এই অর্থপ্রবাহের প্রভাবে চলতি সপ্তাহে ডলারের বিপরীতে রুপির মূল্য প্রায় শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ৯৫ দশমিক ৩৭৭৫-এ উন্নীত হয়েছে। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এইচএসবিসির মতে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির ফলে আরবিআইয়ের সক্ষমতা আরও বাড়বে। ভবিষ্যতে বাজারে অস্থিতিশীলতা দেখা দিলে রুপির বিনিময় হার স্থিতিশীল রাখতে এই বাড়তি রিজার্ভ কার্যকর ভূমিকা রাখতে পারে।