October 5, 2026, 4:01 pm

তেল-গ্যাস-বিদ্যুৎ ফেরানোর দাবিতে রাজপথে জামায়াত

অভয়নগর প্রতিবেদক

জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের গণরায় ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যেই তারা রাজপথে নেমেছেন। জনগণের ঘরে গ্যাস, বিদ্যুৎ ও আলো নিশ্চিত করার পাশাপাশি মানুষের মৌলিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে এবং দেওয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করছে। তিনি বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে অনেক মানুষ রক্ত দিয়েছেন, কিন্তু তাদের দাবি এখনো পূরণ হয়নি। সেই দাবি বাস্তবায়নের জন্যই তারা মাঠে নেমেছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, দেশের মানুষ ২৪ ঘণ্টা বিদ্যুৎ ও গ্যাস পাচ্ছে কি না এবং সর্বত্র চাঁদাবাজি হচ্ছে কি না। দেশে মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
পথসভায় জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মুহাম্মদ তাহের লংমার্চের ছয় দফা দাবি বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের আহ্বান জানান। এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম তেল, গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ গণভোটের রায় বাস্তবায়নের কথা বলেন। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে সামনে আরও কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। রাজধানী থেকে শুরু হওয়া লংমার্চটি নারায়ণগঞ্জের শিমরাইলসহ বিভিন্ন স্থানে পথসভা শেষে কুমিল্লায় পৌঁছে পরে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে।



ফেসবুক কর্নার