September 6, 2026, 12:38 pm

জ্বালানি সংকটে কলকারখানা বন্ধ, লাখো শ্রমিক বেকার: আতাউর রহমান

আনোয়ার হোসেন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, তেল-গ্যাসসহ প্রয়োজনীয় জ্বালানি সরবরাহের সংকটের কারণে দেশের বিভিন্ন শিল্প-কারখানা বন্ধ হয়ে লাখো শ্রমিক কর্মহীন হয়ে পড়ছেন। এতে শ্রমিক ও তাদের পরিবার-পরিজনের জীবন-জীবিকা চরম অনিশ্চয়তার মুখে পড়েছে, যা দেশের শিল্প ও অর্থনীতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের শ্রম ও ঘামের মাধ্যমে শিল্প-কারখানা সচল থাকে এবং জাতীয় অর্থনীতি এগিয়ে যায়।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জ্বালানি সংকট, গ্যাস-বিদ্যুতের অনিয়মিত সরবরাহ, উৎপাদন ব্যাহত হওয়া ও বিভিন্ন অব্যবস্থাপনার কারণে একের পর এক শিল্প-কারখানা বন্ধ হলে এর নেতিবাচক প্রভাব পুরো দেশের অর্থনীতিতে পড়বে। এতে বেকারত্ব বাড়ার পাশাপাশি সামাজিক অস্থিরতাও বৃদ্ধি পেতে পারে। বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা নেছার আহমেদ বলেন, কোনো শিল্প-কারখানা বন্ধের আগে সরকারকে সংশ্লিষ্ট মালিকপক্ষ, শ্রমিক সংগঠন ও কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি শিল্প-কারখানা সচল রাখতে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত, বন্ধ কারখানা চালুর উদ্যোগ এবং শ্রমিকদের কর্মসংস্থান ও বেতন-ভাতা সুরক্ষার দাবি জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি মুহাম্মাদ সিদ্দিকুর রহমান ও হারুন অর রশীদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল এইচ এম রফিকুল ইসলাম, ওবায়েদ বিন মোস্তফা, শাহ জামাল, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান ও সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসাইন জানান, সংগঠনের জাতীয় কাউন্সিল আগামী ৯ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত হবে। কাউন্সিলে শ্রমিকদের অধিকার, কর্মসংস্থান, ন্যায্য পাওনা, শিল্প-কারখানার বর্তমান পরিস্থিতি ও শ্রমজীবী মানুষের কল্যাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার