September 6, 2026, 9:21 am

নেপালে ধ্বংসস্তূপে ১০ দিন পর নারী উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

নেপালে ভয়াবহ বন্যার পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া একটি চারতলা ভবন থেকে ১০ দিন পর ৬৪ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) নুওয়াকোট জেলার বিদুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বেত্রাবতী এলাকায় এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়া নারীর নাম চান্দিকা কুমারী শ্রেষ্ঠ। বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িটির ধ্বংসস্তূপের নিচে তিনি আটকা পড়েছিলেন বলে জানা গেছে।

সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে চান্দিকা কুমারী শ্রেষ্ঠকে উদ্ধার করেন। বাহিনী জানিয়েছে, পরিদর্শক সুমন কুমার বিকের নেতৃত্বে নয় সদস্যের একটি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। ধ্বংসস্তূপ সরিয়ে তাকে উদ্ধারের পর দেখা যায়, তিনি অচেতন অবস্থায় ছিলেন। দীর্ঘ সময় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পরও তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হওয়ায় ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

উদ্ধারের পর হেলিকপ্টারে করে চান্দিকা কুমারী শ্রেষ্ঠকে ত্রিশুলিতে নেপালি সেনাবাহিনীর মৈথিলি ব্যারাকে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কাঠমান্ডুতে নেওয়া হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। ভয়াবহ বন্যার পর নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্যায় বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার