September 6, 2026, 9:22 am

গ্রিসে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট

অভয়নগর প্রতিবেদক

প্রদর্শনীতে কসরত প্রদর্শনের সময় গ্রিসে একটি এফ-৪ ফ্যান্টম যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির রাজধানী এথেন্সের অদূরে একটি বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। গ্রিসের বার্তা সংস্থা এএনএ জানিয়েছে, প্রদর্শনী চলাকালে যুদ্ধবিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে নেমে বিমানঘাঁটির এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিমানের দুই পাইলটই ভেতরে ছিলেন এবং দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, যুদ্ধবিমানটি উড্ডয়নের পর দর্শকদের সামনে কসরত প্রদর্শন করছিল। একপর্যায়ে এটি দ্রুত নিচের দিকে নেমে গিয়ে নির্ধারিত এলাকার বাইরে আছড়ে পড়ে। সৌভাগ্যক্রমে বিমানটি দর্শকদের সারি থেকে দূরে বিধ্বস্ত হওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।
দুই পাইলট নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় যুদ্ধবিমান প্রদর্শনীর আয়োজন বাতিল করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী নিকোস দেনদিয়াস তাঁর বিদেশ সফর বাতিল করে ঘটনাস্থলে যান। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। প্রদর্শনীতে অংশ নেওয়া যুদ্ধবিমানটির উড্ডয়ন, কসরত প্রদর্শনের সময়কার পরিস্থিতি এবং শেষ মুহূর্তের কারিগরি বিষয়গুলো তদন্তের আওতায় আসতে পারে। দুর্ঘটনায় নিহত দুই পাইলটের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।



ফেসবুক কর্নার