September 6, 2026, 9:26 am

শেবাচিমে ট্রলিম্যান দিয়ে ইসিজির অভিযোগ

শওকাত হোসেন সদর প্রতিনিধি বরিশাল

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাসেবায় অবহেলা ও অনিয়মের অভিযোগ উঠেছে। রোগীর স্বজনদের অভিযোগ, জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত ইসিজি টেকনিশিয়ান না থাকায় আউটসোর্সিংয়ে নিয়োজিত এক ট্রলিম্যানকে দিয়ে ইসিজি করানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতালের এক কর্মচারীর বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়েছে। দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান চিকিৎসাকেন্দ্র হিসেবে পরিচিত শেবাচিম হাসপাতালে এমন ঘটনায় রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। স্বজনদের অভিযোগ, জরুরি বিভাগে চিকিৎসাসেবা পেতে গিয়ে তাদের নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, বাকেরগঞ্জ উপজেলার নুলুয়া গ্রামের চান মিয়ার স্ত্রী মোসা. ইতি বেগম (১৮) গত ৩০ আগস্ট বরিশাল নগরীর কালীবাড়ি রোডের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে যমজ সন্তান প্রসব করেন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা তাঁকে শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। রোগীর স্বজন মো. শাহাবুদ্দিনের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর ১৫ থেকে ২০ মিনিট পার হলেও তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়নি। একপর্যায়ে ইসিজির প্রয়োজন হলে দায়িত্বপ্রাপ্ত টেকনিশিয়ান না থাকায় ইব্রাহিম নামে আউটসোর্সিংয়ের এক ট্রলিম্যানকে দিয়ে পরীক্ষা করানো হয় এবং তিনিই রিপোর্ট তৈরি করেন বলে দাবি করেন স্বজনরা। বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে উত্তেজনা সৃষ্টি হয়।
রোগীর স্বজনদের অভিযোগ, বিষয়টি নিয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্স টেকনিশিয়ান অনুপস্থিত থাকার কথা জানান। দক্ষ টেকনিশিয়ান ছাড়া স্পর্শকাতর পরীক্ষা করানোর প্রতিবাদ করলে একপর্যায়ে ট্রলিম্যান ইব্রাহিম ও এক কর্মচারীর সঙ্গে স্বজনদের হাতাহাতি হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে আনসার সদস্য মো. আবু মুসা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক স্বীকার করেছেন, টেকনিশিয়ান ছাড়া অন্য কোনো কর্মচারীকে দিয়ে ইসিজি করানো ঠিক হয়নি। এ ঘটনায় চিকিৎসাসেবায় অবহেলা ও অনিয়মের প্রতিকার চেয়ে হাসপাতাল পরিচালক বরাবর লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন রোগীর স্বজনরা।



ফেসবুক কর্নার