September 6, 2026, 9:27 am

পুলিশ দেখে পালাতে গিয়ে ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু

নুশরাত রুমু স্টাফ রিপোর্টার নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে মো. সোহাগ চৌধুরী (৩৫) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামির মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী ঈদ্রিস মিয়া বাজার, স্থানীয়ভাবে নবীর বাজার নামে পরিচিত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ চৌধুরী একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর উরিয়া গ্রামের নুর নবী চৌধুরীর ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বর থানার একটি দল সোহাগ চৌধুরীকে গ্রেপ্তারের জন্য হাজী ঈদ্রিস মিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে দৌড়ানোর সময় পড়ে গিয়ে আহত হন সোহাগ। পরে তাঁর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থলের পরিস্থিতি ও মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতের মরদেহ পরে স্বজনরা নিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, সোহাগ চৌধুরীর বিরুদ্ধে চরজব্বর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় দণ্ডবিধির ৩৮৫, ৩২৩ ও ৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে। এছাড়া ২০১৮ সালে দায়ের করা আরেকটি মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩০৭, ৩২৬, ৩৭৯, ৪২৭ ও ৩২৫ ধারাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ওয়ারেন্টভুক্ত আসামি সোহাগকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছিল। পুলিশকে মামলার বাদীর সঙ্গে কথা বলতে দেখে তিনি দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে আহত হন। পরে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। মরদেহ স্বজনরা নিয়ে গেছেন বলেও জানান তিনি।



ফেসবুক কর্নার