September 7, 2026, 12:12 pm

ইইউর সঙ্গে এফটিএ আলোচনার প্রস্তুতি শুরু

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং পারস্পরিক বিনিয়োগ সুরক্ষা চুক্তি সম্পাদনের পথ খুলতে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে খুব শিগগিরই প্রস্তুতিমূলক আলোচনা শুরু হবে। রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক যৌথ ব্রিফিংয়ে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাণিজ্যমন্ত্রী জানান, গত মার্চে ইইউ বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে ৬১টি অশুল্ক বাধা চিহ্নিত করেছিল। এর মধ্যে ইতোমধ্যে ৪৮টি বাধা নিরসন করা হয়েছে। এসব পদক্ষেপের ফলে শতভাগ বিদেশি লজিস্টিক প্রতিষ্ঠানের লাইসেন্সসংক্রান্ত জটিলতা নিরসন হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে নমুনা আমদানির সীমা দ্বিগুণ করে ২০ হাজার ডলারে উন্নীত করা হয়েছে। রপ্তানি পণ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে স্মার্ট কার্ডভিত্তিক শুল্কায়ন ব্যবস্থাও সহজ করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।
যৌথ ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এবং বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, ইইউর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী হলে বাংলাদেশের রপ্তানি ও বিনিয়োগের সুযোগ বাড়তে পারে। একই সঙ্গে জাতিসংঘের আওতায় বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময়সীমা সমন্বয়ের ক্ষেত্রে ইইউর ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। এ বিষয়ে ইইউর সহযোগিতা বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ বাণিজ্যিক সক্ষমতায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।



ফেসবুক কর্নার