September 7, 2026, 10:42 am

কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে, নিহত ২৫

অভয়নগর প্রতিবেদক

পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে শিক্ষা সফরের একটি বাস গভীর খাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু-কিশোর বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। শনিবার গভীর রাতে দেশটির ফোগো দ্বীপে এ দুর্ঘটনা ঘটে বলে সাংবাদিকদের জানিয়েছেন দ্বীপটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোসে কানুতো।
জোসে কানুতো জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৩২ জন যাত্রী ছিলেন। পিকো দো ফোগো আগ্নেয়গিরির মৃত জ্বালামুখের কাছে অবস্থিত চা দাস কালদেইরাস গ্রামে শিক্ষা সফর শেষে সাও ফিলিপ শহরে ফেরার পথে বাসটি সড়ক থেকে ছিটকে একটি গভীর গিরিখাতে পড়ে যায়। শিক্ষা সফরটির আয়োজন করেছিলেন বাসটির চালক নিজেই। স্থানীয়ভাবে জানা যায়, তিনি প্রতিবছর নিজের খরচে কয়েকজন স্কুলশিক্ষার্থীকে দেশের বিভিন্ন স্থানে শিক্ষা সফরে নিয়ে যেতেন। এবারও শিক্ষার্থীদের নিয়ে একই ধরনের সফরের আয়োজন করেছিলেন তিনি। দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন।
দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল রাতভর ঘটনাস্থলে কাজ করে। দুর্গম ও পাথুরে উপত্যকায় পড়ে যাওয়া বাসটির ভেতর ও আশপাশ থেকে হতাহতদের উদ্ধারে উদ্ধারকর্মীরা অভিযান চালান। স্থানীয় কর্মকর্তারা জানান, কেপ ভার্দেতে সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে বিরল। দেশটির সড়ক অবকাঠামো ও যানবাহনের মান সাধারণত ভালো হওয়ায় এমন দুর্ঘটনা খুব বেশি দেখা যায় না। রোববার ভোরে নিহতদের মধ্যে সাতজনকে দাফন করা হয়েছে। দেশটির আরসিভি-এর তথ্য অনুযায়ী, অন্যদেরও দিনের পরবর্তী সময়ে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।



ফেসবুক কর্নার