September 7, 2026, 10:42 am

মায়ামিতে কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ৫

অভয়নগর প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে অবতরণের পরপরই এ দুর্ঘটনা ঘটে। বিমানটি পুয়ের্তো রিকোর সান হুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে মায়ামিতে পৌঁছেছিল।
প্রতিবেদন অনুযায়ী, বোয়িং ৭৬৭-৩০০ মডেলের কার্গো বিমানটি অবতরণের পর নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে যায়। পরে বিমানটি একাধিক যানবাহনে ধাক্কা দিলে আগুন ধরে যায়। দুর্ঘটনার পরপরই বিমানবন্দরে জরুরি উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করা হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি ঘিরে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
মায়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা জানান, ২১ এয়ারের ফ্লাইট ৭৫৯৮ রানওয়ে থেকে ছিটকে পড়ার ঘটনায় পাঁচজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। তিনি নিহত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মায়ামি-ডেড ফায়ার রেসকিউয়ের প্রধান রে জাদাল্লাহ বলেন, দুর্ঘটনায় মোট ১০ জন আক্রান্ত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে এবং অপর দুজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার