September 7, 2026, 1:53 pm

মৈত্রী-বন্ধন-মিতালী এক্সপ্রেস চালুর আলোচনা

মোঃ ইসমাইল হোসেন

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে আলোচনা হতে যাচ্ছে। এ নিয়ে দুই দেশের রেল কর্তৃপক্ষের বার্ষিক আন্তঃসরকার রেলওয়ে বৈঠক (আইজিআরএম) মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় শুরু হবে। রেলভবনে অনুষ্ঠেয় দুই দিনব্যাপী বৈঠকে বন্ধ থাকা তিনটি আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ সম্মত হলে আগামী মাস থেকেই ট্রেনগুলোর চলাচল পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ট্রেন চালুর বিষয়ে রেল কর্তৃপক্ষের পাশাপাশি দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর মতামত প্রয়োজন হবে।
বৈঠকে বাংলাদেশ রেলওয়ে রাজশাহী-কলকাতা রুটে নতুন একটি যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাব দেবে। একই সঙ্গে ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে পরিচালনার আগ্রহের কথাও জানানো হবে। রেল কর্মকর্তারা বলছেন, মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ভারতীয় রেলওয়েরও আগ্রহ রয়েছে। তবে আন্তঃদেশীয় ট্রেন চালুর চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক পর্যায় থেকে আসবে। আইজিআরএম বৈঠকটি প্রতিবছর বাংলাদেশ ও ভারতে পালাক্রমে অনুষ্ঠিত হয়। সর্বশেষ বৈঠক গত বছরের ২০ থেকে ২২ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। কয়েক দফা তারিখ পরিবর্তনের পর এবার ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় বাংলাদেশ-ভারতের আন্তঃদেশীয় ট্রেন চলাচলে প্রভাব পড়ে। ১৬ জুলাই মৈত্রী এক্সপ্রেসের চলাচল স্থগিত হওয়ার পর ১৯ জুলাই থেকে মৈত্রী, বন্ধন ও মিতালী—তিনটি ট্রেনের চলাচলই বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও যাত্রীবাহী ট্রেনগুলোর চলাচল স্বাভাবিক হয়নি। বর্তমানে মৈত্রী এক্সপ্রেস ঢাকা-কলকাতা, বন্ধন এক্সপ্রেস খুলনা-কলকাতা এবং মিতালী এক্সপ্রেস ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল করত। এসব ট্রেন পুনরায় চালুর পাশাপাশি রাজশাহী-কলকাতা রুটে নতুন ট্রেন চালুর প্রস্তাব বাস্তবায়িত হলে দুই দেশের যাত্রীবাহী রেল যোগাযোগ আরও বিস্তৃত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



ফেসবুক কর্নার