September 7, 2026, 5:01 pm

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মোঃ ইসমাইল হোসেন

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধি ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে কোন কোন সড়কে অটোরিকশা চলাচল করতে পারবে, তা নির্ধারণ করা হবে। প্রধান প্রধান সড়কে এসব যানবাহন চলাচল ইতোমধ্যে নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি।
অটোরিকশা নিয়ন্ত্রণের পাশাপাশি চালকদের কর্মসংস্থান যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পরিবেশ রক্ষাকেও নীতিমালায় গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, বর্তমানে ব্যবহৃত লেড-অ্যাসিড ব্যাটারি পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় ব্যাটারির সঙ্গে ডিজিটাল ট্র্যাকিং ও নিবন্ধনের ব্যবস্থা রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই নিবন্ধন নম্বরের অধীনে যাতে একাধিক যান পরিচালনা করা না যায়, সে বিষয়েও বিধান রাখা হবে। এ ছাড়া বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নিয়ে অটোরিকশার চার্জিং স্টেশন পরিচালনার বিষয়টি নিয়ন্ত্রণের কথাও জানান তিনি।
এর আগে সংসদ সদস্য রেহানা আক্তার রানু অটোরিকশাগুলোকে প্রধান সড়ক থেকে সরিয়ে অভ্যন্তরীণ সড়কে চলাচলের সুযোগ, সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জিং ব্যবস্থা, বিআরটিএর নিবন্ধন বাধ্যতামূলক করা এবং ঢাকায় অঞ্চলভিত্তিক জোনিং ব্যবস্থা চালুর প্রস্তাব দেন। তিনি বলেন, অটোরিকশার সঙ্গে বিপুলসংখ্যক মানুষের জীবন-জীবিকা জড়িত; তাই বিকল্প ব্যবস্থা ছাড়া যানবাহন জব্দ বা চালকদের হয়রানি না করে পরিকল্পিত ব্যবস্থার আওতায় আনা প্রয়োজন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নীতিমালা প্রণয়নের কাজ এগিয়েছে এবং ইতোমধ্যে বিধি ও নীতিমালা প্রস্তুত হয়েছে। বেকারত্ব না বাড়ানো, কর্মসংস্থান বজায় রাখা, পরিবেশ সুরক্ষা, যানবাহনের শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা—সব দিক বিবেচনায় নিয়েই নতুন নীতিমালা বাস্তবায়ন করা হবে।



ফেসবুক কর্নার