September 7, 2026, 6:39 pm

মিটার ভাড়া মওকুফে লাগবে ২৯ হাজার কোটি টাকা

মোঃ ইসমাইল হোসেন

বিদ্যুৎ বিল থেকে মিটার ভাড়া সম্পূর্ণ মওকুফ করতে সরকারের প্রায় ২৯ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ৬৮ বিধির আলোচনায় বিরোধী দলের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় আপাতত সবার মিটার ভাড়া সম্পূর্ণ মওকুফ করা সম্ভব হচ্ছে না। তবে কোনো গ্রাহক নিজ খরচে মিটার কিনে নিলে তাকে আর মাসিক মিটার ভাড়া দিতে হবে না। একই সঙ্গে ভুতুড়ে বিল ও বিলিং-সংক্রান্ত অনিয়ম বন্ধ করতে ২০৩০ সালের মধ্যে অধিকাংশ গ্রাহককে স্মার্ট প্রিপেইড মিটারের আওতায় আনার লক্ষ্যের কথাও জানান তিনি।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে বলে সংসদে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, মেয়াদ শেষে অবসরে যাওয়া পাঁচটি বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে এবং চলতি সপ্তাহ থেকেই কোনো ক্যাপাসিটি চার্জ ছাড়াই এসব কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত করা সম্ভব হবে। জরুরি উৎপাদন বাড়াতে এইচএফওভিত্তিক কেন্দ্রগুলোর জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার মাধ্যমে সর্বোচ্চ ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। কারিগরি ত্রুটি ও কয়লা সংকটে বন্ধ থাকা রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিটও চলতি সপ্তাহে চালুর আশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া সমুদ্র ও ভূ-ভাগে গ্যাস অনুসন্ধানে অফশোর বিডিং রাউন্ডের পাশাপাশি ১০৬টি কূপ খনন প্রকল্পের কাজ শুরু হয়েছে, যার ৩০টির কার্যক্রম মাঠপর্যায়ে চলছে বলে জানান প্রতিমন্ত্রী। গ্যাস সরবরাহ নিশ্চিত করতে দুটি নতুন এফএসআরইউ চুক্তি এবং মাতারবাড়িতে স্থলভিত্তিক এলএনজি টার্মিনালের জন্য জমি অধিগ্রহণের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট চালু হলে ক্রুড অয়েল পরিশোধনের সক্ষমতা ১৫ লাখ টন থেকে বেড়ে ৪৫ লাখ টনে উন্নীত হবে। নবায়নযোগ্য জ্বালানি খাতে রুফটপ সোলার প্যানেল আমদানিতে ১ শতাংশ শুল্ক এবং ছয় মাসের জন্য অগ্রিম আয়কর ও ভ্যাট মওকুফের সুযোগ দেওয়ার কথাও জানান তিনি। আন্তর্জাতিক বাজারের অস্থিরতায় অতিরিক্ত ব্যয় হলেও ২০৩০ সালের মধ্যে দেশের জ্বালানি খাত সংকটমুক্ত করার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।



ফেসবুক কর্নার