September 9, 2026, 10:01 am

নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

মোঃ ইসমাইল হোসেন

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১১২ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়। রায়ে ১৬ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে দুজনের মৃত্যুদণ্ড বহাল, চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ জনকে খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ড বহাল থাকা দুই আসামি হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ-উদদৌলা ও শাহাদাত হোসেন শামীম। যাবজ্জীবন পাওয়া চারজন হলেন নূর উদ্দিন, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন, সাইফুর রহমান মোহাম্মদ জুবায়ের এবং উম্মে সুলতানা ওরফে পপি।
খালাস পাওয়া ১০ আসামি হলেন কামরুন নাহার মনি, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, ইমরান হোসেন ওরফে মামুন, আব্দুর রহিম শরীফ, মোহাম্মদ শামীম, ইফতেখার উদ্দিন রানা, রুহুল আমিন, আবছার উদ্দিন এবং মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলর। এর আগে ২৪ আগস্ট বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, নিম্ন আদালতের দেওয়া ১৬ মৃত্যুদণ্ডের মধ্যে হাইকোর্ট দুটির সাজা বহাল রেখেছেন, চারটির সাজা কমিয়েছেন এবং ১০ আসামিকে খালাস দিয়েছেন। রায়ে নিম্ন আদালতের বিচারক মামুনুর রশিদের বিচারিক দায়িত্ব পালনের বিষয়েও কঠোর পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। এক মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়াকে আদালত বিচারিক বিবেচনার ঘাটতি হিসেবে উল্লেখ করেছেন বলে জানান অ্যাটর্নি জেনারেল।
২০১৯ সালের ৬ এপ্রিল আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় গেলে নুসরাতকে একটি পরিকল্পিত হামলার শিকার হতে হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ফেনী জেনারেল হাসপাতাল এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল তার মৃত্যু হয়। এ ঘটনায় নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান ৮ এপ্রিল মামলা করেন। ২৮ মে অভিযোগপত্র দাখিলের পর ২০ জুন অভিযোগ গঠন করা হয়। মাত্র ৬১ কার্যদিবসে ৮৭ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে একই বছরের ২৪ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে ওই রায়ের বিরুদ্ধে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে হাইকোর্ট সাজা পুনর্বিবেচনা করে এই রায় দেন।



ফেসবুক কর্নার