
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ওমান। এর মধ্যে ৫ হাজার কৃষি শ্রমিক এবং ৫ হাজার মৎস্য শ্রমিক নেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, ওমানের কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারের এ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ওমান বাংলাদেশ থেকে মোট ১০ হাজার কর্মী নেওয়ার কথা জানিয়েছে। এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষর হয়েছে বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, ওমানের একটি প্রতিনিধি দল আগামী মাসে বাংলাদেশে আসবে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবে। এরপর কর্মী নেওয়ার বিষয়গুলো চূড়ান্ত করা হবে। তিনি বলেন, ওমানের ভিসা বিভিন্ন কারণে বর্তমানে বন্ধ রয়েছে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশিরা যাতে নিয়মিতভাবে ওমানে যেতে পারেন, সে বিষয়ে সরকার কাজ করছে। একই সঙ্গে দক্ষ অভিবাসনের ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী ওমানে পাঠানো এবং দেশটির বিভিন্ন খাতে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়ে দুই দেশ কাজ করছে বলে জানান প্রতিমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও ওমানের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশি শ্রমিকদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়টিও ছিল। বৈঠকে ওমানের রাজপরিবারের সদস্য আল সাইয়্যেদ মোহাম্মদ সেলিম আলী আল সাইদ ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মূল্যবান অবদানের প্রশংসা করেন। তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক লাভজনক সহযোগিতা আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন। সংশ্লিষ্টরা আশা করছেন, আলোচনার পরবর্তী ধাপ সম্পন্ন হলে বাংলাদেশি কৃষি ও মৎস্য শ্রমিকদের জন্য ওমানের শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি হতে পারে।