September 12, 2026, 6:38 pm

বিদ্যুৎ সংকটে গার্মেন্টস উৎপাদন অর্ধেকের নিচে- শফিকুর রহমান

মোঃ ইসমাইল হোসেন

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণে দেশের শিল্প খাতে মারাত্মক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিশেষ করে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে উৎপাদন কমে ৫০ শতাংশের নিচে নেমে এসেছে বলে দাবি করেন তিনি। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, শিল্পের মূল খোরাক বিদ্যুৎ। গ্যাস, তেল ও সৌরশক্তিসহ বিভিন্ন উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করা গেলেও বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সংকট শিল্প খাতকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
জামায়াত আমিরের দাবি, তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সম্প্রতি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছে, চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় তাদের উৎপাদন ৫০ শতাংশের নিচে নেমে এসেছে। তিনি বলেন, উৎপাদন কমে গেলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর ব্যাংকঋণ পরিশোধে সমস্যা হবে এবং একপর্যায়ে ঋণখেলাপির ঝুঁকি তৈরি হতে পারে। একই সঙ্গে শ্রমিক ধরে রাখা কঠিন হয়ে পড়বে এবং ছাঁটাইয়ের আশঙ্কা বাড়বে। সময়মতো ক্রেতাদের অর্ডার সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতারা বিকল্প দেশে চলে যেতে পারেন বা অর্ডার বাতিল করতে পারেন বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তার মতে, বাংলাদেশের সঙ্গে তৈরি পোশাক খাতে প্রতিযোগিতা করছে আরও অনেক দেশ। ফলে ক্রেতারা বিকল্প উৎপাদনকারী দেশের দিকে চলে যাওয়ার সুযোগ পাচ্ছেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের বৃহত্তম রপ্তানি খাতের এমন পরিস্থিতি হলে অন্যান্য শিল্পের অবস্থাও সহজেই অনুমান করা যায়। তিনি জানান, শিল্পমালিকদের সঙ্গে কথা বলে একই ধরনের উদ্বেগের কথা শুনেছেন। সরকারের সহযোগিতায় কাজ করতে তাদের একটি টেকনিক্যাল এক্সপার্ট টিম প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের বিকল্প ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, সংসদে সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে না পেরে তারা গণভোটের রায় বাস্তবায়ন, বৈষম্য দূরীকরণ, দলীয়করণ বন্ধ, চাঁদাবাজি ও দুর্নীতি দমন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং কৃষকদের সার সরবরাহ নিশ্চিত করাসহ ছয় দফা দাবিতে আন্দোলন করছেন। এর আগে তিনি বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামে আব্দুল মালেকের কবর জিয়ারত করেন এবং দোয়া করেন।



ফেসবুক কর্নার