September 14, 2026, 5:35 am

এবার ড্রেন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

জাফর আহমেদ কুড়িগ্রাম প্রতিনিধ

কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আদর্শ বি.এল হাইস্কুলের প্রায় ৫০ মিটার পূর্বে স্থানীয়রা ড্রেনের ভেতর মরদেহটি দেখতে পান। স্থানীয়দের ভাষ্য, ড্রেনের আশপাশে মাছি ভনভন করতে দেখে তাঁদের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে কাপড়ের ভেতরে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে বিষয়টি স্থানীয়দের জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, প্রায় ছয় দিন আগে শিশুটিকে সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে নবজাতকের পরিচয়, কীভাবে সেখানে মরদেহটি এল এবং মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে এটি অকাল গর্ভপাতের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় দণ্ডবিধির ৩১৭ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে। একই সঙ্গে নবজাতকের পরিচয় ও মরদেহ ফেলে যাওয়ার প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার