September 14, 2026, 4:59 am

জাভা সাগরে ২৪৩ আরোহী নিয়ে ফেরির হদিস

অভয়নগর প্রতিবেদক

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া যাত্রীবাহী ফেরির সন্ধান পাওয়া গেছে। ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযানে এ পর্যন্ত ১০২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ অন্য আরোহীদের সন্ধানে দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দলগুলোর তৎপরতা অব্যাহত রয়েছে। দুর্ঘটনার পর সাগরে একাধিক উদ্ধারকারী জাহাজ ও হেলিকপ্টার নামিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমন্তানের বাঞ্জারমাসিন শহরের উদ্দেশে যাত্রা করেছিল। রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোররাত আনুমানিক ২টার দিকে বাঞ্জারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে জাভা সাগরে অবস্থানকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে ফেরিটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ফেরিটির অবস্থান শনাক্ত করে জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। সম্ভাব্য দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজের পাশাপাশি হেলিকপ্টার দিয়েও তল্লাশি চালানো হচ্ছে।

প্রাথমিকভাবে ফেরিটিতে থাকা ২৪৩ আরোহীর মধ্যে ১০২ জনকে জীবিত উদ্ধারের তথ্য পাওয়া গেছে। নিখোঁজ অন্যদের সন্ধানে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। প্রায় ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় দ্বীপগুলোর মধ্যে যাতায়াতে ফেরি ও নৌপথ সাধারণ মানুষের অন্যতম প্রধান ভরসা। দেশটির বিস্তৃত জলপথে নিয়মিত যাত্রী ও পণ্য পরিবহন করা হলেও দুর্বল নিরাপত্তাব্যবস্থা এবং অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে মাঝেমধ্যে বড় ধরনের নৌদুর্ঘটনা ঘটে। সর্বশেষ এই ঘটনায় নিখোঁজদের উদ্ধারে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন উদ্ধারকারীরা।



ফেসবুক কর্নার