September 14, 2026, 4:52 am

ইয়েমেনে সংঘাতে জুলাই থেকে বাস্তুচ্যুত ৭৬ হাজার

অভয়নগর প্রতিবেদক

ইয়েমেনে চলমান সংঘাতের কারণে গত জুলাই থেকে অন্তত ৭৬ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। গত এক সপ্তাহেই বাস্তুচ্যুত মানুষের সংখ্যা চার গুণ বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। শনিবার (১২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জাতিসংঘের সংস্থাটি জানায়, দেশটিতে বাস্তুচ্যুতি সংকট দ্রুত অবনতির দিকে যাচ্ছে। সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘাত তীব্র হওয়ায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে।

আইওএমের তথ্য অনুযায়ী, জুলাইয়ে হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করার পর থেকে নিরাপত্তার কারণে অন্তত ৭৬ হাজার মানুষ নিজেদের বাড়িঘর ছেড়েছেন। সংস্থাটি জানিয়েছে, গত এক সপ্তাহের তুলনায় বাস্তুচ্যুতির সংখ্যা চার গুণ বেড়েছে। সংঘাত আরও তীব্র হওয়ায় পুরো পরিবার রাতের আঁধারে ঘর ছাড়তে বাধ্য হচ্ছে। অনেকেরই যাওয়ার মতো নিরাপদ কোনো জায়গা নেই। এর আগে আইওএম জানিয়েছিল, চলতি সেপ্টেম্বরের শুরু থেকে প্রায় ৪৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মঙ্গলবার প্রকাশিত হিসাবে এই সংখ্যা ছিল ১৮ হাজার ৫০০।

জাতিসংঘের সংস্থাটির হিসাবে, ইয়েমেনের পশ্চিম উপকূলীয় এলাকা ও তাইজ প্রদেশে সবচেয়ে বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাইজ। প্রদেশটির বিভিন্ন জেলা থেকে প্রায় ৮ হাজার ৩০০ পরিবার বা প্রায় ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে আইওএম। দীর্ঘদিন ধরে চলা সংঘাতের মধ্যে নতুন করে লড়াই তীব্র হওয়ায় দেশটির মানবিক পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠছে। বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা, আশ্রয় ও মৌলিক প্রয়োজন পূরণে জরুরি সহায়তার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে জাতিসংঘের সংস্থাটির তথ্য ও পর্যবেক্ষণে।



ফেসবুক কর্নার