September 29, 2026, 9:40 pm

শ্রীমঙ্গলে খাটের নিচে ১৬ ফুটের অজগর উদ্ধার

সুজন মাহমুদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের খাটের নিচ থেকে প্রায় ১৬ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটি স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে উপজেলার ইছবপুর এলাকায় মিতালি ডেকোরেটার্সের মালিক প্রয়াত হারুন মিয়ার বাসা থেকে অজগরটি উদ্ধার করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল গণমাধ্যমকে বিষয়টি জানান। তিনি বলেন, রাতে পরিবারের সদস্যরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ খাটের নিচ থেকে ‘হিসহিস’ শব্দ শুনতে পান তারা। পরে মোবাইল ফোনের টর্চের আলো ফেললে বিশাল আকৃতির অজগরটি দেখতে পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খাটের নিচে অজগর থাকার বিষয়টি স্থানীয় চিকিৎসক প্রলাদ বাবুকে জানানো হলে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যদের খবর দেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে সতর্কতার সঙ্গে খাটের নিচ থেকে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সাপটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন আনুমানিক ২৬ কেজি বলে জানান সংশ্লিষ্টরা। পরে অজগরটি স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বসতঘরের ভেতরে এত বড় একটি অজগর পাওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।
বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা জানান, অজগর নির্বিষ ও সাধারণত নিশাচর প্রাণী। প্রয়োজন ছাড়া এরা বেশি নড়াচড়া করে না এবং সাধারণত মানুষের ক্ষতি করে না। এরা একাকী বসবাস করলেও প্রজননকালে জোড়া বাঁধে। সাধারণত মার্চ থেকে জুন পর্যন্ত এদের প্রজননকাল। দেশের ম্যানগ্রোভ বন, ঘাসযুক্ত এলাকা এবং চট্টগ্রাম ও সিলেটের চিরসবুজ পাহাড়ি বনে অজগরের দেখা মেলে। ইঁদুর, পাখি, বনমুরগি, সাপ, কচ্ছপের ডিম ও ছোট বন্যপ্রাণী এদের খাদ্য। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলেন, লোকালয়ে অজগর দেখা গেলে সেটিকে না মেরে সংশ্লিষ্ট বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সহায়তা নেওয়া উচিত।



ফেসবুক কর্নার