October 5, 2026, 10:31 am

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫ মিনিটের দিকে তুর্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা হন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী এবারের সফরে ৩৮ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। এতে মন্ত্রিসভার সদস্য, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সরকারি কর্মকর্তা ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি রয়েছেন। প্রতিনিধিদলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাতসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নাম প্রতিনিধিদলের তালিকায় থাকলেও তিনি ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নেবেন। জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জবাবদিহি, শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট, যুব ও নারী উন্নয়ন এবং বহুপক্ষীয় ব্যবস্থার সংস্কার নিয়েও তিনি বক্তব্য দেবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।



ফেসবুক কর্নার