September 21, 2026, 11:35 pm

শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক গ্রেপ্তার

মামুনুর রশীদ, মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে ১২ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মো. জুয়েল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর স্কুল বন্ধ থাকায় শিশুটি গাংনীর চৌগাছা এলাকায় একটি পুলে মাছ ধরা দেখতে যায়। সেখানে অভিযুক্ত জুয়েল ছিপ দিয়ে মাছ ধরছিলেন। শিশুটিকে দেখতে পেয়ে তিনি তাকে ডেকে পাশের আমবাগানে গেলে অনেক মাছ ধরে দেবেন বলে প্রস্তাব দেন। সরল বিশ্বাসে শিশুটি তার সঙ্গে সেখানে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ওই দিন বেলা সাড়ে ১২টার দিকে শিশুটিকে নির্জন আমবাগানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করা হয়। পরে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয় বলেও মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে। ভয়ে শিশুটি প্রথমে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়নি। পরদিন অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে ঘটনার কথা জানায় সে। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করেন। অবস্থার পরিপ্রেক্ষিতে পরে তাকে মেহেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার পর শিশুটির বাবা গাংনী থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই অভিযুক্ত জুয়েলকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। শিশুটির চিকিৎসা ও প্রয়োজনীয় সুরক্ষার বিষয়েও পরিবারকে সহযোগিতা করা হচ্ছে। মামলার তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত তথ্য যাচাই করা হবে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার