September 22, 2026, 10:41 pm

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বনিম্ন তেলের দাম

অভয়নগর প্রতিবেদক

উপসাগরীয় আরব দেশগুলোতে তেল উৎপাদন বাড়ানোর সম্ভাবনা এবং ইরানের হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা। ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন পুনরায় চালু হওয়াও দামের ওপর প্রভাব ফেলেছে।
মঙ্গলবার ব্রেন্ট ক্রুড ফিউচার নভেম্বরের তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ০১ ডলার কমে ৯৮ দশমিক ৩৩ ডলারে নেমেছে, যা আগের দিনের তুলনায় ২ শতাংশ কম। অপরদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অক্টোবরের দাম ২ দশমিক ৫০ ডলার কমে ৯৩ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে। আগের দিনের তুলনায় এ দাম কমেছে ২ দশমিক ৬১ শতাংশ। ব্রেন্ট ক্রুডকে এশিয়াসহ বিশ্বের অধিকাংশ দেশের তেলের দামের অন্যতম মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।
আলজাজিরাকে ক্যাপিটাল ইকোনোমিকসের অর্থনীতিবিদ হামাদ হুসাইন বলেন, বিভিন্ন গণমাধ্যমে ইরানের হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে খবর প্রকাশিত হচ্ছে, যা কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত হতে পারে। এসব খবরও তেলের দাম কমার পেছনে প্রভাব ফেলছে। তবে হরমুজ প্রণালি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা হওয়ার আগে কিছু বাধা থাকতে পারে বলেও তিনি উল্লেখ করেন।



ফেসবুক কর্নার