
চলতি বছরে স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা দেখছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, নির্বাচন কমিশন আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার কথা জানিয়েছে।
মীর শাহে আলম বলেন, নির্বাচন কবে শুরু ও শেষ হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনই নেবে। কমিশন সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। রমজান, এসএসসি ও ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার বিষয় বিবেচনায় নিয়ে কমিশন সময়সূচি নির্ধারণ করতে পারে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনের পাঁচটি স্তর সম্পন্ন করতে নির্বাচন কমিশন প্রায় ৬ হাজার কোটি টাকার সম্ভাব্য ব্যয়ের হিসাব দিয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি এবং উপজেলা নির্বাচনে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ের হিসাব দেওয়া হয়েছে। তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।