October 5, 2026, 7:14 am

নেতানিয়াহুর গোপন আমিরাত সফর, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের খবর

অভয়নগর প্রতিবেদক

 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার (২৭ সেপ্টেম্বর) গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। ইসরায়েলি টিভি চ্যানেল টুয়েলভ ও কান এবং হারেৎজ ও জেরুজালেম পোস্ট জানিয়েছে, একদিনের সফরে নেতানিয়াহু আমিরাত যান এবং দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। তবে সফর বা বৈঠকের বিষয়ে নেতানিয়াহুর কার্যালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে ফেব্রুয়ারি থেকে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ চলার মধ্যে নেতানিয়াহুর এই সফরের খবর সামনে এলো। এর কয়েক সপ্তাহ আগে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন। ওই সতর্কবার্তা ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলোর কাছে নেতানিয়াহু পৌঁছে দেননি বলেও প্রতিবেদনে দাবি করা হয়।

তবে ওই প্রতিবেদনটি অস্বীকার করেছেন নেতানিয়াহু। তার গোপন আমিরাত সফরের বিষয়ে বিস্তারিত তথ্যও প্রকাশ্যে আসেনি। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম অ্যাকর্ডের আওতায় ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। এরপর দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রয়েছে। এবারের সফর সেই সম্পর্কের প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে।



ফেসবুক কর্নার