September 28, 2026, 11:19 pm

শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, আলোচনাকেই সমাধান বলছে ইরান

অভয়নগর প্রতিবেদক

 

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে কূটনীতিকেই একমাত্র সমাধানের পথ হিসেবে দেখছে ইরান। হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া ও যুদ্ধ বন্ধে তেহরানের দেওয়া প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর রোববার (২৭ সেপ্টেম্বর) নিজেদের অবস্থান জানায় ইরান। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরানের শর্ত স্পষ্ট এবং সেগুলো পূরণ হলেই এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

গত সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে শান্তি প্রস্তাব দেয় ইরান। কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) ট্রাম্প প্রস্তাবটি প্রত্যাখ্যানের কথা জানান। তবে রোববার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলতি সপ্তাহে মার্কিন আলোচকেরা ইরানের সঙ্গে আরও আলোচনায় বসতে পারেন। আরাঘচি জানিয়েছেন, মধ্যস্থতাকারীরা এখনো যুক্তরাষ্ট্রের চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ইরানকে জানায়নি। তেহরান সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

এদিকে হরমুজ প্রণালিতে ইরানি হামলার কারণে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পও দাবি করে আসছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। ইরানের সেনাবাহিনীর প্রধান আমির হাতাম বলেন, যুদ্ধ সংকটপূর্ণ পর্যায়ে রয়েছে। ইরান বাণিজ্য করতে না পারলে কেউই বাণিজ্য বা স্বাভাবিকভাবে টিকে থাকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।



ফেসবুক কর্নার