September 28, 2026, 11:19 pm

গোপন চুক্তি ফাঁসের অভিযোগ, ইউক্রেনকে ক্ষমা চাইতে বলল দক্ষিণ কোরিয়া

অভয়নগর প্রতিবেদক

 

দুই দেশের মধ্যে গোপন চুক্তি থাকা সত্ত্বেও দুই উত্তর কোরীয় যুদ্ধবন্দিকে দক্ষিণ কোরিয়ায় হস্তান্তরের তথ্য প্রকাশ করায় ইউক্রেনের কাছে আনুষ্ঠানিক ক্ষমা ও ব্যাখ্যা দাবি করেছে দক্ষিণ কোরিয়া। সিউলের অভিযোগ, কিয়েভ একতরফাভাবে বিষয়টি প্রকাশ করে দুই দেশের মধ্যে হওয়া চুক্তি লঙ্ঘন করেছে। পরে এমন কোনো চুক্তি ছিল না বলে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করায় পারস্পরিক বিশ্বাসও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির জনসংযোগবিষয়ক জ্যেষ্ঠ সচিব সিওং ঘি-হং এক বিবৃতিতে বলেন, বন্দিদের নিরাপত্তা এবং কূটনৈতিক ও মানবিক বিষয় বিবেচনায় নিয়ে হস্তান্তরের বিষয়টি গোপন রাখার সিদ্ধান্ত হয়েছিল। ইউক্রেনই দেশে সমালোচনার আশঙ্কায় বিষয়টি গোপন রাখার অনুরোধ করেছিল। কিন্তু পরবর্তীতে সিউলের সঙ্গে পরামর্শ না করেই জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতার সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিষয়টি প্রকাশ করেন এবং কোনো গোপন চুক্তি ছিল না বলেও দাবি করেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কিয়েভের চুক্তি লঙ্ঘন ও তথ্য ফাঁসের ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন। প্রয়োজনে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার বিষয়টি সরকার পর্যালোচনা করছে বলে জানান সিওং ঘি-হং। ২০২৫ সালের জানুয়ারিতে রাশিয়ার কুর্স্ক অঞ্চল থেকে ওই দুই উত্তর কোরীয় সৈন্যকে আটক করেছিল ইউক্রেন। তারা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর জীবিত আটক হওয়া প্রথম উত্তর কোরীয় সৈন্য বলে উল্লেখ করা হয়েছে। পরে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে দুই দেশের আলোচনার মাধ্যমে তাদের সিউলে পাঠানো হয়।



ফেসবুক কর্নার