September 28, 2026, 11:23 pm

ভারতে আট দেশের বিমানবাহিনী নিয়ে ‘তরঙ্গ শক্তি ২০২৬’ মহড়া শুরু

অভয়নগর প্রতিবেদক

 

ভারতের যোধপুর বিমানঘাঁটিতে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) পরিচালনায় বহুদেশীয় সামরিক বিমান মহড়া ‘তরঙ্গ শক্তি ২০২৬’ শুরু হয়েছে। ‘অংশীদারিতে শক্তি’ প্রতিপাদ্য নিয়ে ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত চলবে এ মহড়া। ভারতসহ আটটি দেশের বিমানবাহিনী এতে অংশ নিচ্ছে। মহড়ার মূল লক্ষ্য পারস্পরিক সামরিক সহযোগিতা বৃদ্ধি, সমন্বয় জোরদার এবং প্রযুক্তিগত অভিজ্ঞতা বিনিময়।

এবারের মহড়ায় স্বাগতিক ভারতের পাশাপাশি বাংলাদেশ, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, জার্মানি ও শ্রীলঙ্কার বিমানবাহিনী অংশগ্রহণ করছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, যৌথ অনুশীলনে এফ-৩৫, রাফাল ও এফ-১৬ যুদ্ধবিমানসহ বিভিন্ন উন্নত সামরিক বিমান এবং জ্বালানি সরবরাহকারী বিমান অংশ নিয়েছে। সামরিক বিমান পরিচালনার পাশাপাশি মহাকাশ নিরাপত্তা ও আধুনিক কৌশলগত পরিকল্পনা নিয়েও অংশগ্রহণকারী দেশগুলোর কর্মকর্তা ও সদস্যরা কাজ করছেন।

মহড়ার অংশ হিসেবে সামরিক অনুশীলনের বাইরে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের জন্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে ঐতিহ্যবাহী স্থান ভ্রমণ, শিল্প এলাকা পরিদর্শন, সেমিনার ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ রয়েছে। আয়োজকদের আশা, এসব কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি যৌথ মহড়াটি সংশ্লিষ্ট দেশগুলোর বিমানবাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার